রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

দুটি আগ্নেয়াস্ত্র সহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বায়জিদ হোসেন, মোংলা:

দুটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড গুলিসহ বাহিনীপ্রধান আসাবুর সহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। আজ মঙ্গলবার দুপুরে খুলনার দাকোপ উপজেলার সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ীঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ ঠাকুরবাড়ী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তাঁর সহযোগী মো. আলমগীর মীরকে (২৮) আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি একনালা বন্দুক ও চার রাউন্ড তাজা গুলি। আটক আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাঁদের দাকোপ থানা পুলিশে হস্থান্তরের প্রক্রিয়া চলছে।

আসাবুর ও তাঁর সহযোগী আলমগীর উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে দাকোপ থানায় অস্ত্র আইনে একটি ও দুটি ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় কোস্ট গার্ড।