রবিবার , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

বগুড়ায় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় গোলাম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম মোস্তফা উপজেলার কুড়িগাতী গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গত ১৭ ফ্রেব্রুয়ারি সন্ধ্যায় শহরের শহিদ মিনার চত্বরে জয় বাংলা স্লোগান দিয়ে মশাল মিছিল করতে থাকে। এ সময় যুবদল নেতা রিপন শেখ ও তার লোকজন তাদের বাধা দেয়। তখন মশাল মিছিলকারীরা যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়। পরে এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারি ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক চরপাড়া গ্রামের রিপন শেখ বাদি হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।