বুধবার , ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ধানক্ষেত থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার!

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক অটোচার্জার ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জিয়ানগর ইউনিয়নের বড়িয়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোজাম উদ্দিন শাহ (৫৫) জিয়ানগর ইউনিয়নের ঝালঘড়িয়া গ্রামের মৃত মহির উদ্দিন শাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের পাশে বড়িয়া মৌজার খড়ার ব্রিজের পশ্চিম পাশে একটি ধানক্ষেতের পানিতে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোচার্জার ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার ভ্যানটির কোনো হদিস পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি ছিনতাইজনিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।