মঙ্গলবার , ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

আদমদীঘিতে ৪০ লিটার চোলাইমদসহ সুজন পাহান গ্রেফতার : ডিএনসি

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ মার্চ, ২০২৬

মিরু হাসান, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাইমদসহ শ্রী সুজন পাহান (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (৭ মার্চ) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলার ইউসুবপুর গ্রামে এ অভিযান চালায়।

অভিযানে আসামি সুজন পাহানের নিজ দখলীয় পশ্চিম দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট মাটির দেয়াল ও টিনের ছাপড়াযুক্ত ঘরের উত্তর পার্শ্বের কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় পূর্ব পাশের একটি চৌকির নিচে রাখা একটি প্লাস্টিক জারিকেন থেকে ৮ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়। একই স্থানে থাকা দুটি প্লাস্টিকের বালতিতে চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) পাওয়া যায়, যার পরিমাণ প্রায় ৪০ লিটার।

গ্রেফতারকৃত আসামি শ্রী সুজন পাহান (৩১) উপজেলার ইউসুবপুর গ্রামের মৃত বাবলু পাহানের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মিজ শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।