ভূল্লী থানার ওসির কড়া হুঁশিয়ারি: “হয় মাদক ব্যবসায়ী থাকবে, নয় আমরা থাকবো”
জহিরুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) জোরালো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, “এই এলাকায় মাদকের কোনো স্থান নেই। হয় মাদক ব্যবসায়ী থাকবে, নয় আমরা থাকবো।”
সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি বাজারে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওসি তার বক্তব্যে বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের ভয়াবহ ছোবলে বিপথগামী হচ্ছে, যা একটি জাতির ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি স্থানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, “আপনারা যদি তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা দ্রুত মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে পারবো। মাদকের বিরুদ্ধে এই লড়াই শুধু পুলিশের একার নয়, এটি পুরো সমাজের।”
সমাবেশে উপস্থিত বক্তারা মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, শিক্ষক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।